রাজনীতিজামায়াতবিএনপি

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব: মাহদী আমিন

নির্বাচনকে সামনে রেখে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগকে জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদী আমিন।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথিত অবস্থানকে পুঁজি করে একটি দল নির্বাচনি প্রচারণা চালালেও বাস্তবে তারাই মানুষকে, এমনকি শিশুদেরও টাকা দিয়ে প্রলুব্ধ করছে। এটি নির্বাচনি আচরণবিধির গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, স্বয়ং ওই দলীয় প্রধানের আসনেই যদি টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা চলে, তাহলে দেশব্যাপী তারা কী করছে, তা সহজেই অনুমেয়। এই আচরণ একাধারে জনবিচ্ছিন্নতা ও রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহাদী আমিন।

বিএনপির এই নেতা বলেন, যারা সারাক্ষণ সততা, দুর্নীতিবিরোধী অবস্থান ও ইনসাফের বয়ান তুলে ধরেন, তারাই যদি নির্বাচনের মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন, তাহলে সেটি অত্যন্ত লজ্জাজনক। তিনি অভিযোগ করেন, ঢাকা-১৫ আসনে দলীয় প্রধানের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে দলটির এক শীর্ষ আইনজীবী নেতা প্রকাশ্যে টাকা বিতরণ করেছেন, যার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

মাহাদী আমিন আরও বলেন, যে দলটি দুর্নীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ, তারাই যদি ভোটের মাঠে অর্থ ছড়িয়ে জনগণের ভোট কেনার চেষ্টা করে, তাহলে এর চেয়ে বড় দ্বিচারিতা ও নৈতিক অবক্ষয় আর হতে পারে না।

তিনি এ সময় নির্বাচন কমিশন প্রণীত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি-৪ উল্লেখ করে বলেন, কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের পক্ষে অন্য কেউ নির্বাচনি এলাকায় কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে চাঁদা, অনুদান কিংবা উপঢৌকন প্রদান বা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারে না।

এ ছাড়া আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি-২৭ অনুযায়ী এ ধরনের লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে তিনি বলেন, The Representation of the People Order, 1972-এর Article 91B (3) অনুযায়ী এর জন্য কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান মাহাদী আমিন।

সংশ্লিষ্ট খবর

Back to top button