শ্রীমঙ্গলে ১৯৭১ সালের অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে খাল খননের সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে বাংলাদেশ পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এটিকে নিরাপদে নিষ্ক্রিয় করেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গ্রামের কৃষক শহিদ মিয়া খাল খননের সময় মাটির নিচে লোহার মতো একটি ধাতব বস্তু দেখতে পান। বোমা বা মাইন হওয়ার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত পুলিশকে জানানো হলে প্রশাসন ঘটনাস্থলে এসে নিরাপত্তা জোরদার করে।
শ্রীমঙ্গল থানার এসআই মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রাখে। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে রাত ৮টায় বিশেষজ্ঞ দলটি মর্টারশেলটি সফলভাবে নিষ্ক্রিয় করে।
সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে পৌঁছি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট রাত ৮টার দিকে শেলটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গোলাবারুদটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের অবিস্ফোরিত মর্টার শেল।



