
বগুড়ার গাবতলী উপজেলায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে পিতা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের পূর্ব উত্তর কোলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম লজু (৪৫) ওই গ্রামের মোজাহার আলীর ছেলে। নিহত নজরুল ইসলাম লজু (৪৫) পেশায় সবজী বিক্রেতা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলে শিপন মিয়া (২২) তার পিতা নজরুল ইসলাম লজুকে বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে শিপন মিয়া পলাতক রয়েছে বলে জানা গেছে।
গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেও বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক



