বাংলাদেশ

ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় বিদায় পেলেন মসজিদের খাদেম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২০ বছর কর্মজীবন শেষে মো. মুসলিম (৭০) নামে এক মসজিদের খাদেমকে ব্যতিক্রমী ও সম্মানজনক বিদায় দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তাকে নতুন পোশাকে সাজিয়ে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেয় মসজিদ কমিটি। এমন রাজকীয় বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

মো. মুসলিম পৌর শহরের মৌলভী ইব্রাহীম সাহেবের বাড়ির বাসিন্দা এবং উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয় জামে মসজিদের খাদেম হিসেবে দীর্ঘ ২০ বছর দায়িত্ব পালন করেছেন। বিদায়ের সময় মসজিদের খতিব, ইমাম ও কমিটির সদস্যদের মধ্যেও ছিল আবেগঘন পরিবেশ।

মুসলিম বলেন, তিনি সবসময় মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে এখন আর দায়িত্ব পালন করতে পারছেন না বলেই বিদায় নিতে হচ্ছে।

মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আরিফ হোসাইন মিয়াজী জানান, মুসলিম ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও সবার প্রিয় মানুষ।

মসজিদ কমিটির সেক্রেটারি এনামুল হক বলেন, তাকে সম্মান জানাতেই বিশেষ এই আয়োজন করা হয়েছে। এজন্য পাশের চাঁদপুর জেলা থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে আনা হয় এবং তাকে নগদ ২ লাখ টাকা সম্মানী দেওয়া হয়েছে।

এই ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান স্থানীয়দের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button