বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ

চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় দূরপাল্লা, আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শ্রমিকদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটরশ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় নিয়ে বিরোধ চলছে। উভয় সংগঠনই বাস থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়েছে।

ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার জানান, আগে দুই সংগঠন একসঙ্গে নির্ধারিত হারে চাঁদা আদায় করলেও সম্প্রতি মোটরশ্রমিক ইউনিয়নের নামে আলাদাভাবে চাঁদা আদায় শুরু হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। তিনি বলেন, টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের কোনো অধিকার নেই।

অন্যদিকে, মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত দাবি করেন, তারা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা নিচ্ছেন। বরং ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন বাস থেকেও চাঁদা আদায় করছে, যার অনুমতি তাদের নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদা আদায় বন্ধ না হলে বাসের পাশাপাশি ট্রাকসহ সব ধরনের পরিবহন বন্ধ করে দেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, দুই পক্ষকে নিয়ে বৈঠক করা হলেও এখনো কোনো সমাধান হয়নি। তবে প্রশাসন বিষয়টি সমাধানের চেষ্টা করছে এবং সড়কে কোনো ধরনের চাঁদাবাজি না করার জন্য উভয় পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, বাস চলাচল স্বাভাবিক হয়নি এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button