বাংলাদেশঅপরাধ

বাবার সামনে স্কুলছাত্রীকে অপহরণ: রিমান্ড শেষে লামিন কারাগারে

 বাংলা টিভি ডেস্ক: রাজধানীর উত্তরা এলাকায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় গ্রেপ্তার আসামি লামিন ইসলামকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা।

রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা পুলিশ। তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন, অন্যদিকে আসামিপক্ষ জামিন চাইলেও আদালত তা গ্রহণ করেননি।

এর আগে গত শনিবার তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত প্রথমে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন ধার্য করেন। পরে সোমবার তাকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।

পুলিশ জানায়, ১ মে পুবাইল এলাকা থেকে লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং এ সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী উত্তরার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফেরার পথে উত্তরা সেক্টর-৬ এলাকায় তাকে একটি গাড়িতে তুলে অপহরণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধার করে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button