রাজধানী

উত্তরায় উষার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা সেক্টর-১৮ এলাকায় অবস্থিত রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট (রুয়াপ) কমপ্লেক্সজুড়ে ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে উত্তরা সেক্টর-১৮ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (উষা)।

বুধবার সকাল ৬টা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর সহযোগিতায় আয়োজিত এ ক্লিন প্রোগ্রামে পুরো কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি অসুস্থ থাকায় কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা, কবি ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব শওকত আকবর (কবি নাম জুপিটর পঞ্চমী) এবং সহসভাপতি কৃষিবিদ ড. আহমেদ আলী চৌধুরী ইকবাল। কর্মসূচিটি সঞ্চালনা ও সার্বিক দিকনির্দেশনা দেন সাধারণ সম্পাদক, লেখক ও সাংবাদিক ফাইজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের জোন-৬ এর কো-অর্ডিনেটর কমল বাবু, ইনস্পেকটর আব্দুর রাকিব এবং সুপারভাইজার সজীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রুয়াপের অন্যতম বৃহৎ এই পরিচ্ছন্নতা অভিযানে ডিএনসিসির প্রায় ৩০ জন ক্লিনার অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে ছিল একটি ট্রলার, দুটি পিকআপ ও চারটি ভ্যান গাড়ি এবং প্রয়োজনীয় সরঞ্জাম। কার্যক্রমকে আরও কার্যকর করতে পরিচ্ছন্ন কর্মীদের চারটি টিমে ভাগ করা হয়। প্রতিটি টিমে টিম লিডারের পাশাপাশি ফ্ল্যাট মালিকদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়।

কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সহসভাপতি ড. আহমেদ আলী চৌধুরী ইকবাল, উপদেষ্টা শওকত আকবর, নাজির আহমেদ খন্দকার এবং অশোক চন্দ্র ভৌমিককে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। এছাড়া মন্দির কমিটির বর্মন দাদা, কার্তিক চন্দ্র চক্রবর্তী, সুবোধ চন্দ্র সাহাসহ স্থানীয় অনেকেই সহযোগিতা প্রদান করেন। খাদ্য ব্যবস্থাপনায় অক্লান্ত পরিশ্রম করেন কামরুল ইসলাম মাসুম।

আয়োজকরা জানান, উষা শুধু রুয়াপ কমপ্লেক্সেই নয়, বরং পুরো সেক্টর-১৮ এর রাস্তাঘাট, খেলার মাঠ, পার্ক, হাটবাজারসহ বিভিন্ন কমন স্পেসে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম চালিয়ে যাবে।

এ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। পাশাপাশি রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট ব্লক-এ মালিক কল্যাণ সমিতির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button