জাতীয়রাজধানী

স্ত্রীকে নিয়ে ঢাকার রাস্তায় গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: ​অফিস শেষ করে সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃষ্টির মধ্যে এ সময় গাড়িতে পাশের সিটে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে রওয়ানা দিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রেস উইং থেকে পাঠানো এক ভিডিওতে দেখা যায়, সন্ধ্যার পর সচিবালয়ের অফিস থেকে বের হন প্রধানমন্ত্রী। এরপর স্ত্রীকে পাশের সিটে বসিয়ে নিজেই বসেন ড্রাইভিং সিটে। দক্ষ হাতে গাড়ি চালিয়ে রওয়ানা হন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্দেশে। পথে সিগন্যাল মেনে যানজটে আটকা পড়ে প্রধানমন্ত্রীর গাড়ি। এ সময় আশপাশের যানবাহনে থাকা যাত্রীরা হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের অভিবাদন জানান।

এর আগে নিজের গাড়িবহর থামিয়ে রোগীর অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজারের প্রান্তে এটা হয়েছে বলে জানান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তার গুলশানের বাড়ি থেকে সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন। সকাল ৯টার কিছু সময় আগে প্রধানমন্ত্রীর গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ান বাজার এফডিসি মোড়ের দিকে এগোচ্ছিল। এ সময় আকস্মিকভাবে প্রধানমন্ত্রীর দৃষ্টি পড়ে একটি অ্যাম্বুলেন্সে। সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্সটি তার গাড়িবহর অতিক্রমের চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী পরিস্থিতি বুঝে অ্যাম্বুলেন্সটিকে সাইড দিতে গাড়িবহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে কর্মকর্তারা অ্যাম্বুলেন্সটিকে পথ করে দেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, এটি একটি বিরল দৃষ্টান্ত। একজন মুমূর্ষু রোগীকে বহনকারী অ্যাম্বুলন্সকে পথ করে দিয়ে আরেকটি উদাহরণ সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী।

একই সময়ে কারওয়ান বাজারের কাছে প্রাইভেটকারে থাকা যাত্রী সুমন আহমেদ জানান, ওই সময় প্রধানমন্ত্রীর গাড়িবহরের পেছনে ছিলেন তিনি। দেখেন, হঠাৎ সব গাড়ি থেমে যায়। ভিভিআইপি নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা অ্যাম্বুলেন্সটিকে গাড়িবহরের সাইড দিয়ে এগিয়ে দিচ্ছেন। এমন দৃশ্য দেখে তার মন খুশিতে ভরে ওঠে।

তিনি বলেন, এ দেশে আগে কোনো সরকার ও রাষ্ট্রপ্রধানকে এমন করতে দেখা যায়নি। তারেক রহমানের এমন দায়িত্ববোধ ও সহমর্মিতা সবার জন্য শিক্ষণীয় বার্তা দিচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button