বাংলাদেশ

ভালোবাসার টানে হিন্দু থেকে মুসলিম হয়ে তরুণীর বিয়ে, স্বামী কারাগারে

বাংলা টিভি ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে ধর্ম পরিবর্তন করে মুসলিম যুবককে বিয়ে করেছেন এক হিন্দু তরুণী। পরিবার ও সমাজের নানা বাধা উপেক্ষা করে নিজেদের সিদ্ধান্তে একসঙ্গে জীবন শুরু করতে চেয়েছিলেন তারা। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই সেই সুখের শুরুতে নেমে এসেছে আইনি জটিলতা।

জানা যায়, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর গ্রামের তামিম হাসানের সঙ্গে পাশের গ্রামের প্রিয়ন্তী রানী সাহার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়ায় তারা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু ধর্ম ভিন্ন হওয়ায় দুই পরিবার থেকেই আপত্তি ওঠে। একপর্যায়ে পরিবারকে না জানিয়ে তারা বাড়ি ছেড়ে চলে যান।

পরে ওই তরুণী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে “জান্নাতি ইসলাম” নাম ধারণ করেন বলে জানা গেছে। এরপর স্থানীয় কাজীর মাধ্যমে গত ৩ মে দুই লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

তবে ঘটনার পর মেয়ের পরিবার থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে উদ্ধার করে। এ সময় তামিমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অন্যদিকে তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ছেলের পরিবার দাবি করেছে, এটি কোনো অপহরণের ঘটনা নয়; দুজনই নিজেদের ইচ্ছায় বিয়ে করেছেন। তবে মেয়ের পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে তাকে ধর্মান্তরিত করা হয়েছে এবং জোর করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে ভালোবাসার জয় হিসেবে দেখছেন, আবার কেউ ধর্ম পরিবর্তনের বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। এখন পুরো বিষয়টি আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button