কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর

বাংলা টিভি ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো ১০ নাগরিককে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, সকালে কুলাউড়ার মুরইছড়া চা-বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবির টহল দল। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যান।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে পাঠিয়ে দেয়।
আটকদের মধ্যে ছিলেন সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজার জেলার বাসিন্দারা। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি কুলাউড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় এলে যাচাই-বাছাই ও আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সন্ধ্যায় তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।



