ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত সেই ইমাম চান আর্থিক ক্ষতিপূরণ

বাংলা টিভি ডেস্ক: ফেনীর পরশুরামে ধর্ষণ মামলায় এক মাসের বেশি সময় কারাভোগের পর ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন মক্তব শিক্ষক ও ইমাম মোজাফফর আহমদ। আদালতে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তদন্তে উঠে এসেছে, ওই কিশোরীর সন্তানের জৈবিক পিতা তারই সহোদর বড় ভাই মোরশেদ। ডিএনএ পরীক্ষায় শিশুর সঙ্গে মোরশেদের ৯৯.৯৯ শতাংশ মিল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বরে কিশোরীর পরিবার ইমাম মোজাফফর আহমদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি এক মাস দুই দিন কারাভোগ করেন। এ সময় তিনি চাকরি হারান এবং সামাজিকভাবেও চরম সংকটে পড়েন।
পরবর্তীতে সিআইডির ফরেনসিক পরীক্ষায় তার সঙ্গে শিশুর কোনো ডিএনএ মিল পাওয়া যায়নি। এরপর জিজ্ঞাসাবাদে কিশোরী স্বীকার করে, দীর্ঘদিন ধরে তার বড় ভাই মোরশেদ তাকে নির্যাতন করে আসছিল।
পরে পুলিশ মোরশেদকে গ্রেপ্তার করলে তিনি আদালতে জবানবন্দিতে অপরাধ স্বীকার করেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
ভুক্তভোগী মোজাফফর আহমদ বলেন, মিথ্যা মামলার কারণে তিনি আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মামলা পরিচালনার খরচ জোগাতে তাকে বসতভিটাও বিক্রি করতে হয়েছে। তিনি প্রকৃত দোষীদের বিচার ও সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ গঠন করা হয়েছে।



