দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি কোথায়

বাংলা টিভি ডেস্ক: শনিবার বিকেলে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকাল ৩টা ১০ মিনিটের দিকে রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, কুড়িগ্রামসহ আশপাশের এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন টের পান মানুষ।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম অঞ্চলে।
অন্যদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, আসামের বিলাসিপাড়া এলাকায় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল এবং এর প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও একই কম্পনের তথ্য প্রকাশ করেছে, যদিও তাদের হিসাবে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪।
ভূমিকম্পের পর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কম্পন অনুভূত হওয়ার বিষয়টি জানিয়ে পোস্ট করতে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



