পদ্মা সেতু নির্মাণের প্রথম ফিজিবিলিটি স্টাডি করেছিল বিএনপি সরকার: সেতুমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পদ্মা সেতু নির্মাণের জন্য প্রথম ফিজিবিলিটি স্টাডি করেছিল বিএনপি সরকার। পরবর্তী সরকার এটি বাস্তবায়ন করলেও এর প্রাথমিক পদক্ষেপটি ছিল তৎকালীন বিএনপি সরকারের।
সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু জাদুঘর আরও আগেই হওয়া উচিত ছিল। তৎকালীন সরকার কেন এটি করেনি তা আমার জানা নেই। তবে দেশের বৃহত্তম স্বার্থে এবং সাধারণ মানুষকে এই বিশাল স্থাপনা সম্পর্কে বিস্তারিত জানাতে এ জাদুঘরটি খুবই প্রয়োজন ছিল। এর মাধ্যমে আগামী প্রজন্ম পদ্মা সেতুর ইতিহাস সম্পর্কে বিশদভাবে জানতে পারবে।’
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী দেশজুড়ে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা করে বাঁচিয়ে তুলতে হবে।’
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুসহ অন্যান্য নেতারা।
অনুষ্ঠান শেষে তিনি জাজিরা প্রান্তে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভায় অংশ নেন।



