বাংলাদেশ

‘আমরা দালাল নই, আমরাও মানুষ’

বাংলা টিভি ডেস্ক: ‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও সুস্পষ্ট নীতিমালার দাবিতে মানববন্ধন করেছেন অর্ধশতাধিক ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ।

সোমবার (১১ মে) দুপুরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাড়াশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, চিকিৎসা প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চিকিৎসকদের কাছে আধুনিক ওষুধ ও চিকিৎসা সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি তারা নিয়মিত জনস্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছেন। তাই কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ, নিরাপত্তা ও কাজের অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি।

সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম শামীম বলেন, “আমরা দালাল নই, আমরাও মানুষ। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।”

এ সময় তিনি আরও জানান, পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে। মানববন্ধনে মো. সোহেল রানা, মো. আরিফুল ইসলাম, ইমদাদুল হক, মো. আনিস, মো. আব্দুল আলিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button