বাংলাদেশ

প্রেমের টানে পালাল দুই স্কুল শিক্ষার্থী, অতঃপর যা ঘটল

বাংলা টিভি ডেস্ক: ময়মনসিংহের পাগলা থানা এলাকায় প্রেমের সম্পর্কের জেরে এক কিশোর ও কিশোরী বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর গফরগাঁও পৌরসভা এলাকা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পরে সোমবার দুপুরে অভিভাবকদের জিম্মায় তাদের তুলে দেওয়া হয়।

পুলিশ জানায়, দুইজনই টাঙ্গাব ইউনিয়নের অজিপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। রোববার রাতে গফরগাঁও পৌর এলাকায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কিশোরের বয়স ১৬ এবং কিশোরীর বয়স ১৪ বছর। পারিবারিক অজান্তেই তারা একসঙ্গে বাড়ি ছেড়ে বের হয়েছিল।

গফরগাঁও থানার ওসি আ.স.ম আতিকুর রহমান জানান, দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের ডেকে সতর্কতার সঙ্গে জিম্মায় দেওয়া হয়েছে। একই সঙ্গে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও বলেন, আবেগের বশে এভাবে বাড়ি থেকে চলে যাওয়া ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button