বাংলাদেশ

অভিনেতা আতাউর রহমান মারা গেছেন

বাংলা টিভি ডেস্ক: স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেয়ে শর্মিষ্ঠা রহমান। তিনি জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ শহীদ মিনারে নেওয়ার প্রস্তুতি চলছে। পরে বনানী কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হবে।

গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আতাউর রহমান। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ সুবিধা না থাকায় পরে ধানমন্ডির অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার সাময়িক উন্নতি হলেও পরে আবার অবনতি হলে রোববার পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পথিকৃৎ ছিলেন। অভিনয়, নাট্যরচনা ও মঞ্চনির্দেশনায় অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকসহ বহু সম্মাননায় ভূষিত হন। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনে তার অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button