বাংলাদেশ

মাথায় পানির বোতল দিয়ে শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারালো মুগ্ধ

বাংলা টিভি ডেস্ক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বরফ জমাট পানির বোতল দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত ওই শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন, তবে আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পরিবার।

আহত শিক্ষার্থী মুগ্ধ তালুকদার (১১) মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের হানিফ তালুকদারের ছেলে। বাবা-মা ঢাকায় কর্মজীবী হওয়ায় সে নানার বাড়িতে থেকে স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করছিল।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সোমবার দুপুরে সহপাঠীদের সঙ্গে দুষ্টুমি করছিল মুগ্ধ। এ সময় সহকারী শিক্ষক কাউসার আহমেদ ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন এবং একপর্যায়ে ঠান্ডা পানির বোতল দিয়ে মাথায় আঘাত করেন। এতে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে সহপাঠীরা তাকে পানি দিয়ে জ্ঞান ফেরায়।

অভিযোগ রয়েছে, ঘটনার কথা কাউকে জানালে আরও শাস্তি দেওয়া ও পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়। বাড়ি ফেরার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে কান দিয়ে রক্ত বের হতে শুরু করে।

পরবর্তীতে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা সিটি স্ক্যানসহ উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। চিকিৎসকদের মতে, মাথার আঘাতটি জটিল হতে পারে।

আহত শিক্ষার্থীর পরিবার ও স্বজনরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, ঘটনাটি অনিচ্ছাকৃত এবং বোতল দিয়ে আঘাতটি হালকাভাবে দেওয়া হয়েছিল।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে উপজেলা শিক্ষা অফিস। পাশাপাশি থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button