হিন্দি সাম্রাজ্যবাদের প্রতিবাদী কণ্ঠস্বর গর্গ চট্টোপাধ্যায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে ভাষা ও পরিচয় সংক্রান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ‘বাংলা পক্ষ’-এর প্রধান গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেফতারকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের আগে উস্কানিমূলক মন্তব্য এবং ইভিএম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রথমে ময়দান থানায় এবং পরে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে যায়। সেখান থেকেই আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।
গর্গ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বাঙালিদের কর্মসংস্থান ও ভাষাগত অধিকার নিয়ে সক্রিয় ভূমিকার কারণে আলোচনায় ছিলেন। তার সংগঠন ‘বাংলা পক্ষ’ বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি ক্ষেত্রে বাঙালিদের অগ্রাধিকার ও ভাষাগত বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলন করে আসছে।
অন্যদিকে, তার সমর্থকদের একাংশ মনে করছে, রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন বিষয়ে কড়া বক্তব্যের কারণে তিনি হয়রানির শিকার হয়েছেন। তবে এসব দাবি নিয়ে ভিন্নমতও রয়েছে।
এদিকে কলকাতায় বাঙালিদের প্রতি বৈষম্য ও ভাষাগত পরিচয়ের প্রশ্নে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কের মধ্যেই এই গ্রেফতারের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন বিষয়টি আদালত ও তদন্তের মাধ্যমে কীভাবে এগোয়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।



