বগুড়ায় ‘কোবরা গ্রুপ’ প্রধান সুমন গ্রেপ্তার, উদ্ধার বার্মিজ চাকু

বগুড়া (ডিজিটাল) প্রতিনিধি: বগুড়ায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কথিত “কোবরা গ্রুপের” প্রধান সদস্য সুমনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহারের নেতৃত্বে ডিবি পুলিশের একাধিক টিম বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সুমন দীর্ঘদিন ধরে “কোবরা গ্রুপ” নামে একটি সন্ত্রাসী চক্র পরিচালনা করে আসছিল।
বগুড়া শহরের মালতীনগর, স্টাফ কোয়ার্টার, বটতলা, মালতীনগর দক্ষিণপাড়া, কলোনী ও ঠনঠনিয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় গ্যাংটির তৎপরতা ছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, গ্যাংটির সদস্যরা নিজেদের মধ্যে দায়িত্বভাগ করে সংঘবদ্ধভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো। কেউ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো, কেউ চাঁদাবাজির টাকা আদায় করতো, আবার কেউ এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করতো।
ডিবি সূত্রে আরও জানা যায়, সুমনকে অত্যন্ত দুর্ধর্ষ ও সহিংস প্রকৃতির ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার কাছে সবসময় ধারালো অস্ত্র থাকতো এবং সামান্য বিরোধ হলেও প্রতিপক্ষের ওপর হামলা চালাতো বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আজ বুধবার (১৩ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সুমনের বিরুদ্ধে মাদক, ছিনতাই, হত্যাকাণ্ড, মারামারি ও চাঁদাবাজিসহ মোট ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।



