বাংলাদেশঅপরাধ

পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাহির থেকে প্রশ্ন ও উত্তরপত্রসহ আটক ২

বাংলা টিভি ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষার সময় কেন্দ্রের বাইরে থেকে প্রশ্নপত্র, উত্তরপত্র ও অতিরিক্ত উত্তরপত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে কামদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রের পাশের একটি ধানের আড়ত থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কামদিয়া ইউনিয়নের মহিশমুড়ি গ্রামের জুলফিকার হোসেন (২৫) এবং কামদিয়া আলিম মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী মোশারফ হোসেন (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দাখিল পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালায়। এ সময় ধানের গুদাম থেকে পরীক্ষার প্রশ্নপত্র, ২৮টি উত্তরপত্র, ৮টি অতিরিক্ত উত্তরপত্র এবং ৩০টি বহুনির্বাচনী উত্তরপত্র উদ্ধার করা হয়।

কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, কয়েকজন বহিরাগত সেখানে বসে পরীক্ষার উত্তর লিখছিলেন বলে সন্দেহ করা হয়। অভিযানের সময় দুজন পালিয়ে গেলেও জুলফিকার হোসেনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে ওই এলাকার কাছ থেকে মোশারফ হোসেনকেও আটক করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কার হয়ে বাইরে থেকে পরীক্ষা দেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button