বাংলাদেশঅপরাধ

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: ৫ দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

বাংলা টিভি ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে তা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে পাঁচ দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। দাবিগুলোর মধ্যে ছিল—অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা, প্রক্টরিয়াল বডির জবাবদিহি নিশ্চিত করা, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা, নারী নিরাপত্তাকর্মী নিয়োগ এবং কুইক রেসপন্স টিমে নারীদের অন্তর্ভুক্ত করা।

তবে আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে মতভেদ দেখা দেয়। একাংশ প্রক্টরের পদত্যাগ দাবির বিরোধিতা করে প্রশাসনিক ভবনের সামনে আলাদা অবস্থান নেয়। তাদের দাবি, মূল আন্দোলনের সঙ্গে আলোচনা ছাড়াই কিছু অতিরিক্ত দাবি যুক্ত করা হয়েছে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কাজী মেহেরাব তূর্য বলেন, তারা সবাই মিলে উপাচার্যের কাছে দাবি তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু একটি পক্ষ নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে আন্দোলনের সঙ্গে যুক্ত অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজিহা নাওয়ার বলেন, আন্দোলনের দাবিগুলো আগেই আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছিল এবং অংশগ্রহণকারীদের তা জানানো হয়েছিল।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীরা আবার প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হন। তখন অধিকাংশ শিক্ষার্থী পাঁচ দফার চারটি দাবিতে একমত হলেও প্রক্টরের পদত্যাগ ইস্যুতে বিভক্ত অবস্থান দেখা যায়।

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, আপাতত তারা প্রক্টরের পদত্যাগ চান না। তবে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে তারা প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করবেন।

পরে গভীর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনা হয়। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button