রেলস্টেশনে কুড়িয়ে পাওয়া সেই স্বপ্না আজ নতুন জীবনের পথে

বাংলা টিভি ডেস্ক: মাত্র চার বছর বয়সে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মে পাওয়া যায় এক পরিচয়হীন শিশু। পরে তার নাম রাখা হয় স্বপ্না আক্তার। আশ্রয় দেওয়া হয় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে। সেখানেই বেড়ে ওঠে তার শৈশব ও শিক্ষাজীবন।
দীর্ঘ প্রায় ১৪ বছরের লালন-পালন ও পড়াশোনার পর জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করলেন স্বপ্না। বুধবার দুপুরে সিলেটের শিবগঞ্জ লামাপাড়ায় ওই পুনর্বাসন কেন্দ্রেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জানা যায়, ছোটবেলায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার হওয়ার পর তার বাবা-মায়ের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এরপর থেকেই তিনি পুনর্বাসন কেন্দ্রে বড় হন এবং ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় এবং অভিভাবক না থাকায় তার সম্মতিতেই বিয়ের আয়োজন করা হয়।
পাত্র সিলেটেরই বাসিন্দা এবং পেশায় ইলেকট্রিক ঠিকাদার। বিয়েকে কেন্দ্র করে স্থানীয় সমাজের বিভিন্ন মানুষ ও প্রতিষ্ঠান এগিয়ে আসে। প্রায় দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা স্বপ্নার নামে এফডিআর হিসেবে সংরক্ষণ করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় আসবাবপত্র ও অন্যান্য উপহারও দেওয়া হয়।
অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও আবেগময়। অনেকেই বলেন, এটি যেন একজন সাধারণ পরিবারের মেয়ের বিয়ের মতোই উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বিয়েতে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা। তারা স্বপ্নার নতুন জীবনের জন্য শুভকামনা জানান।



