বাংলাদেশ

‘সন্তান আইতাছে লাশ হয়ে, আমি কেমনে সহ্য করমু’

বাংলা টিভি ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার হরনখোলা গ্রামে এখন শোকের ছায়া। লেবাননে ড্রোন হামলায় নিহত করিম মিয়ার (৪৬) মৃত্যুসংবাদে ভেঙে পড়েছে তার পরিবার।

নিহতের মা ময়না বেগম কান্নাজড়িত কণ্ঠে বারবার বলছেন, “আমার সন্তান লাশ হয়ে আইতাছে, আমি কেমনে সহ্য করমু। একবার আমার পোলাডারে ধরতে দাও, আমি মাটি দিমু।” তার আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলীয় মাইফাদুন এলাকায় একটি ড্রোন হামলায় করিম মিয়া নিহত হন। তিনি সেখানে একটি মুদির দোকানে কাজ করতেন এবং প্রায় ১২ বছর ধরে প্রবাসে ছিলেন।

নিহতের বাড়িতে এখন শোকের পরিবেশ। স্ত্রী, সন্তান ও স্বজনদের কান্নায় থমথমে হয়ে আছে পুরো এলাকা। তার ১৩ বছরের ছেলে নির্বাক হয়ে বসে আছে, আর ছোট মেয়ে বাবার খবর না বুঝেই কাঁদছে।

নিহতের স্ত্রী শরীফা বেগম জানান, মৃত্যুর আগের দিনও স্বামীর সঙ্গে তার কথা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, “আর কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।” কিন্তু পরদিনই আসে মৃত্যুর সংবাদ।

নিহতের বড় ভাই জানান, হামলার সময় করিমসহ কয়েকজন একটি ঘরের ভেতরে ছিলেন। হঠাৎ বিস্ফোরণে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের ভাষ্য, করিম ছিলেন শান্ত স্বভাবের মানুষ। কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। তার মৃত্যুতে পুরো গ্রাম শোকাহত।

পরিবারের দাবি, সরকারের সহযোগিতায় দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক, যাতে শেষবারের মতো স্বজনরা তাকে দেখতে পারেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button