বাবা-মা হারা দুই এতিম শিশুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বাংলা টিভিতে সংবাদ প্রকাশের পর

সিরাজগঞ্জ প্রতিনিধি: ‘বাবার পরে মারা গেলেন মা ও খুদার জ্বালায় মরতে বসেছে এতিম দুই শিশু’ এই শিরোনামে গত ১৩ মে সংবাদ প্রচার করে বাংলা টিভি। সংবাদটি প্রকাশের পর বিষয়টি নজরে আসে বিএনপির চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার”-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের।
এরপর শিশু দুটির খোঁজখবর ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি। সেই নির্দেশনার ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে যায় “আমরা বিএনপি পরিবার”-এর একটি প্রতিনিধি দল।
সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি এতিম দুই শিশু রায়হান ও রোহানের বাড়ি পরিদর্শন করে। এসময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
প্রতিনিধি দল জানায়, শিশু দুটির খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের লেখাপড়ার জন্য এককালীন শিক্ষা বৃত্তির পাশাপাশি মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণাও দেওয়া হয়। দেওয়া হয় নিত্যপ্রয়োজনীয় বাজার সদাই ও নগদ অর্থ।
এসময় সিরাজগঞ্জ-২ আসনের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজাও শিশু দুটির দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।
সংবাদ প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলেও বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। প্রতিনিধি দলের সদস্যরা জানান, শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, শিশু দুটির ভবিষ্যৎ নিরাপদ করতেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন- কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, বিএনপি নেতা হাসান, “আমরা বিএনপি পরিবার”-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ছোটবেলায় বাবাকে হারানোর পর চার মাস আগে মারা যান মা। এরপর থেকেই বৃদ্ধ নানা-নানির কাঁধে পড়ে রায়হান ও রোহানের দায়িত্ব। অনাহার আর অনিশ্চয়তার সেই জীবন নিয়ে বাংলা টিভির সংবাদ প্রচারের পর তাদের পাশে দাঁড়িয়েছে সমাজ ও রাজনৈতিক অঙ্গনের মানুষ। এখন নতুন স্বপ্ন দেখছে দুই এতিম শিশু। হয়তো আবারও ফিরবে তাদের জীবনে নিরাপদ আগামী। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেয়ে খুশি এই পরিবারটি।



