বাংলাদেশ

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

বাংলা টিভি ডেস্ক: চিকিৎসার উদ্দেশ্যে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। জানা গেছে, ফলোআপ চিকিৎসার জন্য পরিবার ও সফরসঙ্গীদের নিয়ে তিনি লন্ডন সফরে গেছেন সরকারি খরচে। সফরের শুরুতে তিনি লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করেন। পরে ক্যামব্রিজে গিয়ে নিউমার্কেট এলাকার বেডফোর্ড লজ রিসোর্টে ওঠেন।

সূত্র বলছে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাষ্ট্রপতি ও তার স্ত্রী রেবেকা সুলতানা হৃদরোগ সংক্রান্ত ফলোআপ চিকিৎসা নেন। চিকিৎসা শেষে বৃহস্পতিবার তারা আবার লন্ডনে ফিরে আসেন।

লন্ডন হাইকমিশনের এক কর্মকর্তার দাবি, সফরকালে রাষ্ট্রপতির চলাচল ও প্রটোকলের জন্য সাতটি বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়েছে। এছাড়া শুক্রবার জুমার নামাজের প্রস্তুতির সময় হঠাৎ শপিংয়ে বের হওয়ায় দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা নামাজ আদায় করতে পারেননি বলেও অভিযোগ উঠেছে।

রাষ্ট্রপতির এই ৯ দিনের সফরে প্রায় দুই ডজন সফরসঙ্গী রয়েছেন বলে জানা গেছে। এমন সময়ে এই সফরের ব্যয় ও আড়ম্বর নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, যখন সরকার ব্যয় সংকোচন নীতি অনুসরণ করছে এবং বিভিন্ন খাতে খরচ কমানোর উদ্যোগ নিয়েছে।

গত ৯ মে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। আগামী রোববার তার দেশে ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button