যৌন হয়রানির অভিযোগে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভগিরথ সাইকে এক নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ। তেলেঙ্গানা হাইকোর্ট তার গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ বছর বয়সী এক তরুণী সাইয়ের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালতে সাইয়ের আইনজীবীরা দাবি করেন, অভিযুক্ত ও তরুণীর মধ্যে আগে থেকে পারস্পরিক সম্পর্ক ছিল। তবে ভুক্তভোগীপক্ষ জামিনের আবেদনের বিরোধিতা করে।
এদিকে বন্দি সঞ্জয় কুমার জানিয়েছেন, তিনি বিচারব্যবস্থা ও আইনের প্রতি পূর্ণ আস্থা রাখেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তদন্তে সহযোগিতার জন্য তার ছেলে আইনজীবীদের মাধ্যমে পুলিশের কাছে হাজির হয়েছে। তিনি আরও বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আদালতের মাধ্যমেই সত্য উদঘাটিত হবে।
অন্যদিকে বন্দি ভগিরথ সাই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাকে ‘হানি-ট্র্যাপ’ ও চাঁদাবাজির ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। তার ভাষ্য, অভিযোগকারী তরুণীর পরিবার তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল এবং বিপুল অঙ্কের অর্থ দাবি করেছিল।
বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে এবং আদালতের পরবর্তী আদেশের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।



