ভারতে বিয়ের কার্ড পৌঁছাতে গিয়ে আটক বাংলাদেশি

বাংলা টিভি ডেস্ক: ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতের কার্ড পৌঁছে দিতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হন দিনাজপুরের এক বাংলাদেশি। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
শনিবার বিকেলে সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে আটক ব্যক্তিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তি আতাউস সামাদ আতু (৪৪)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আতাউস সামাদ। পরিবারের এক সদস্যের বিয়ের দাওয়াতের কার্ড ভারতের আত্মীয়দের কাছে পৌঁছে দিতেই তিনি সেখানে যান। পরে বিএসএফ তাকে আত্মীয়ের বাড়ি থেকে আটক করে।
ঘটনার পর বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করলে শনিবার সীমান্ত এলাকায় উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পরে বিজিবি সদস্যরা তাকে হিলি থানায় নিয়ে যায়। হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর আতাউস সামাদকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।



