বাংলাদেশঅপরাধ

প্রাইভেট কারে এসে মাদ্রাসার দানবাক্স লুট

বাংলা টিভি ডেস্ক: সিলেট নগরে এবার মাদ্রাসার দানবাক্স ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রাইভেট কার ব্যবহার করে সংঘবদ্ধভাবে এ চুরি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নগরের ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার সামনে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন যুবক একটি সাদা প্রাইভেট কারে এসে মাদ্রাসার দানবাক্সের সামনে থামে। পরে গাড়ি থেকে নেমে তারা ড্রিল মেশিন দিয়ে দানবাক্সের তালা ভেঙে ভেতরের টাকা নিয়ে যায়। পুরো ঘটনাটি পাশের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ফুটেজে দেখা যায়, রাত প্রায় ৩টা ৪৬ মিনিটের দিকে গাড়িটি সেখানে এসে দাঁড়ায়। প্রথমে একজন যুবক নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে আরও একজন নেমে দু’জনে মিলে দানবাক্সের তালা খুলে টাকা সংগ্রহ করে গাড়িতে ওঠেন। এ সময় একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে গেলে তারা কিছুক্ষণ অপেক্ষা করেন। পরে আবার নেমে বাকি টাকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এলাকাবাসীর দাবি, একই রাতে নগরের আরও কয়েকটি মসজিদের দানবাক্স থেকেও একই কৌশলে টাকা চুরি হয়েছে। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বলেন, ঘটনাটির ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ না দিলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ইতোমধ্যে দুইজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে একটি দল কাজ শুরু করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button