বাংলাদেশ

মায়ের মরদেহের পাশে শাবকের চিৎকার, দলবেঁধে লোকালয়ে এলো হাতির পাল

বাংলা টিভি ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অসুস্থ অবস্থায় পড়ে থাকা একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে হাতিটি মারা যাওয়ার পর ঘটনাস্থলে প্রায় ১০টি বন্যহাতির একটি পাল এসে জড়ো হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি আবেগঘন পরিবেশেরও সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সীমান্তবর্তী কাগজিখোলা সংলগ্ন চকরিয়া লাম্বা হাকখোলা পূর্ণ গ্রামে। স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকেই একটি বন্য হাতিকে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তার পাশে ছোট একটি শাবক ঘোরাফেরা করছিল এবং কেউ কাছে গেলেই আতঙ্কিত হয়ে ডাকছিল।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। তবে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল থাকায় রাত আনুমানিক ১২টার দিকে মা হাতিটি মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিটির মৃত্যুর কিছু সময় পর গভীর রাতে প্রায় ১০টি বন্যহাতির একটি পাল ঘটনাস্থলের আশপাশে আসে। তখন শাবকটিকে মৃত মায়ের কাছেই অবস্থান করতে দেখা যায়। কিছু সময় সেখানে থাকার পর হাতির দলটি আবার পাহাড়ের দিকে চলে যায়।

স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, সকাল থেকে হাতিটিকে পড়ে থাকতে দেখেন এবং শাবকটি সারাক্ষণ মায়ের পাশে ছিল। কেউ কাছে গেলে সেটি চিৎকার করছিল, যা খুবই হৃদয়বিদারক দৃশ্য ছিল।

বন বিভাগের কর্মকর্তা উজ্জ্বল জানান, চিকিৎসার চেষ্টা করা হলেও হাতিটির অবস্থা সংকটাপন্ন ছিল। মৃত্যুর সঠিক কারণ জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলেও জানিয়েছে বন বিভাগ।

সংশ্লিষ্ট খবর

Back to top button