
বাংলা টিভি ডেস্ক: মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্টসহ ৩৩ জন পাচারকারীকে আটক করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ একটি দল।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, শনিবার সারা দিনব্যাপী সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ডের আউটপোস্ট শাহপরী ও স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে অংশ নেন।
অভিযানে সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা বলে জানানো হয়েছে। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত তিনটি বোট ও ৩৩ জন ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা হাতিয়া ও সন্দ্বীপসহ বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে তা সমুদ্রপথে মিয়ানমারের একটি নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
কোস্ট গার্ড জানিয়েছে, এই ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
জব্দ করা সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



