বাংলাদেশ

ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ, সীমান্তে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর মো. শওকত আলী (৩৬) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার মধ্যরাতে সদর উপজেলার পদ্মা নদীর একটি চর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। শওকত আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

শিবগঞ্জ থানার ওসি মো. মতিউর রহমান জানান, গত ৯ মে কয়েকজনের সঙ্গে গরু আনতে ভারতের সীমান্ত এলাকায় গিয়েছিলেন শওকত। তার সঙ্গে থাকা অন্যরা ফিরে এলেও তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয় জেলেরা নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। তবে গোপনে দাফনের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত থেকে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে। এর আগেও সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনার অভিযোগ রয়েছে বলে দাবি করেন তারা।

তবে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button