বাংলাদেশ

জুলাই গ্রাফিতি নিয়ে উত্তেজনা: চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম নগরীতে জুলাই অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন বহনকারী গ্রাফিতি অপসারণকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

সোমবার জারি করা এক গণবিজ্ঞপ্তিতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানান, ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উল্লিখিত এলাকায় কোনো ধরনের মিছিল, সভা কিংবা জমায়েত করা যাবে না। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এর আগে রোববার রাতে টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে ফ্লাইওভারের পিলারে আঁকা গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের পাল্টাপাল্টি স্লোগানের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button