SSC পরীক্ষার খাতা জমা দিয়েই তাসকিনের জন্য অনশনে এক কিশোরী

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নে ভালোবাসার টানে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীর অনশন ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরীক্ষা শেষ করেই প্রিয় মানুষ তাসকিনের বাড়িতে গিয়ে অবস্থান নেয় ওই কিশোরী। তার দাবি, ভালোবাসার সম্পর্কের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তিনি সেখান থেকে ফিরবেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীটি প্রেমের সম্পর্কের জেরে অভিমান করে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছেন ঘটনাস্থলে। কেউ এটিকে কিশোর বয়সের আবেগ বলে মনে করছেন, আবার কেউ দেখছেন সামাজিক পরিবর্তনের প্রতিচ্ছবি হিসেবে।
এলাকাবাসীর দাবি, এর আগেও কয়েকবার একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে এবার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ঘটনাটি নতুন করে আলোচনায় আসে।
এদিকে তাসকিনের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধানের চেষ্টা করছেন।
প্রেমিকের বাড়ির সামনে ভিড় বাড়লেও অনশনে থাকা কিশোরী নিজের অবস্থানে অনড় রয়েছেন। স্থানীয়দের ভাষ্য, তার একটাই প্রত্যাশা— ভালোবাসার সম্পর্ক যেন সামাজিক স্বীকৃতি পায়।



