রাস্তার ইট তুলে ইউপি মেম্বারের বাড়িতে পাকা বাথরুম

বাংলা টিভি ডেস্ক: টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুঠুরচর গ্রামে সরকারি রাস্তার ইট তুলে নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সরকারি প্রকল্পের আওতায় নির্মিত একটি গ্রামীণ সড়কের ইট তুলে নিয়ে তা দিয়ে নিজ বাড়িতে পাকা বাথরুম নির্মাণ করা হয়েছে।
অভিযুক্ত ইউপি সদস্য আয়েশা বেগম, যিনি ওই ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য। অভিযোগ অনুযায়ী, তিনি নিজেই প্রকল্পের সভাপতির দায়িত্বে ছিলেন এবং কাজের ঠিকাদারি পান তার স্বামী তোফাজ্জল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাবিটা প্রকল্পের আওতায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ৬০০ মিটার দীর্ঘ একটি গ্রামীণ সড়কে ইটের সলিং ও মাটি ভরাট করা হয়। এই সড়কটি কৃষি পরিবহন ও স্থানীয় যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ছিল বলে এলাকাবাসীর দাবি।
গ্রামবাসীর অভিযোগ, কাজ শেষ হওয়ার কিছুদিন পরই রাস্তার বেশিরভাগ ইট রিকশা-ভ্যানে করে তুলে নেওয়া হয়। পরে সেই ইট দিয়ে বাড়িতে পাকা বাথরুম নির্মাণ করা হয়েছে বলে দাবি করেন তারা। এতে বর্ষাকালে রাস্তা ভেঙে গিয়ে কৃষিপণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তবে অভিযুক্ত ইউপি সদস্য আয়েশা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু ইট চুরি হয়ে গেছে এবং পরে রাস্তা সংস্কারের জন্য নতুন প্রকল্প দেওয়া হয়েছে। অন্যদিকে তার স্বামী দাবি করেছেন, প্রকল্প শেষে অতিরিক্ত ইট অবশিষ্ট ছিল, যা তারা ব্যবহার করেছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা মেরামত না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



