বাংলাদেশপ্রধানমন্ত্রী

শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: ঢাকায় দেশব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন শেষে শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী উপস্থিত শিশুদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের সঙ্গে সময় কাটান।

এ সময় তিনি শিশুদের হাতে কেক ও চকলেট তুলে দেন। শিশুদের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে কেক খাইয়ে দেওয়া হয়। পুরো পরিবেশ তখন হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে।

শিশুদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, “আর কেউ কি বাকি আছে? পেয়েছো তোমরা সবাই?” পরে তিনি আরও বলেন, “আজকে কার জন্মদিন বলো তো?” এ সময় শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে নানা মন্তব্য করে।

পরে প্রধানমন্ত্রী বলেন, “আজকে তোমাদের সবার জন্মদিন। আসো আমরা একসাথে কেক কাটি।” এরপর শিশুদের নিয়ে তিনি কেক কাটেন।

কেক কাটার সময় উপস্থিত সবাই করতালি দেন এবং শিশুদের আনন্দে পুরো কক্ষ উৎসবমুখর হয়ে ওঠে। শিশুরা একসঙ্গে “হ্যাপি বার্থ ডে” বলে উচ্ছ্বাস প্রকাশ করে।

এক পর্যায়ে একজন শিশু প্রধানমন্ত্রীকে মুখে কেক খাইয়ে দেয়, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী হাত নেড়ে শিশুদের বিদায় জানান। পরে তিনি দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন। এ মেলার লক্ষ্য হলো ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button