বাংলাদেশঅপরাধ

পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১

টঙ্গী প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বিন্দান এলাকায় জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে একটি বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।

ভুক্তভোগী মো. বায়েজীদ মিয়া (৫৬) বাদী হয়ে পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করে অভিযান শুরু করে। পরে মামলার ১ নম্বর আসামি ফিরোজ মিয়াকে গ্রেফতার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ৩ মার্চ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ১ থেকে ১৩ নম্বর অভিযুক্তসহ আরও ৫–৭ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও লোহার রড নিয়ে সংগঠিতভাবে বাদীর বাড়িতে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় বাদীর বড় বোন ফজিলা বেগম বাধা দিতে গেলে তাকে শ্লীলতাহানি করা হয় এবং লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে তার পায়ের গোড়ালিতে গুরুতর জখম হয় ও হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা শুধু মারধর ও ভাঙচুরই নয়, বাড়ির বিভিন্ন মালামাল লুটপাটও করে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে ১৫ মে বায়েজীদ মিয়া পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে।

এরপর গত ১৮ মে দুপুরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তিনি পূবাইলের বিন্দান এলাকার মৃত মেরাজ উদ্দিনের ছেলে।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন— আবুল হোসেন, জাকির, আতাবর, মোছেন আলী, ইলিয়াস, ইয়াসিন, পারভেজ, রেজাউল, ইয়াকুব আলী, সেকান্দর আলী, রাহেলা খাতুন ও ময়ফুল বেগম।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button