বাংলাদেশ

এলো জুলাই গ্রাফিতি সম্বলিত ৫ টাকা, পুরোনো নোট ও কয়েনের কী হবে?

বাংলা টিভি ডেস্ক: ১০ টাকার পর এবার বাজারে এসেছে জুলাই গ্রাফিতি সংবলিত নতুন পাঁচ টাকার নোট। নতুন এই নোটে দেশের ঐতিহ্য ও জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরযুক্ত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের পাঁচ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হচ্ছে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এটি সরবরাহ করা হবে।

নতুন নোটের সামনে রয়েছে তারা মসজিদ, ঢাকার দৃশ্য এবং কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি। আর পেছনের অংশে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর বিভিন্ন চিত্র। সেখানে মুগ্ধ, আবু সাঈদসহ জুলাইয়ের আন্দোলনের নানা মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে।

পাঁচ টাকার নতুন নোটটির আকার ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপ ‘5’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম ব্যবহার করা হয়েছে।

নোটটির প্রধান রং হালকা গোলাপি। এছাড়া এতে নিরাপত্তা সুতাসহ বিভিন্ন আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। আলোর বিপরীতে ধরলে নিরাপত্তা সুতাটি দুই দিক থেকেই দেখা যাবে। পাশাপাশি নোটের নির্দিষ্ট অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে অসংখ্য ‘BANGLADESH’ শব্দও মুদ্রিত রয়েছে।

অর্থ বিভাগ জানিয়েছে, নতুন পাঁচ টাকার নোট চালুর পরও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।

এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য পাঁচ টাকার নমুনা নোটও ছাপানো হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জুলাই গ্রাফিতি সংবলিত নতুন ১০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button