নরওয়ের সংবাদপত্রে ‘সাপুড়ে’ মোদির কার্টুন, ‘ধূর্ত ও বিরক্তিকর মানুষ’ আখ্যা

আন্তর্জাতিক ডেস্ক: নরওয়ের একটি সংবাদপত্রে নরেন্দ্র মোদি-কে ‘সাপুড়ে’ রূপে উপস্থাপন করে প্রকাশিত একটি কার্টুন ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। দেশটির জনপ্রিয় দৈনিক আফতেনপোস্তেন-এ প্রকাশিত ওই ব্যঙ্গচিত্রে মোদিকে সাপের আকৃতির জ্বালানি পাম্পের পাইপ হাতে দেখানো হয়। পাশাপাশি মতামতধর্মী নিবন্ধে তাকে “ধূর্ত ও কিছুটা বিরক্তিকর ব্যক্তি” বলেও উল্লেখ করা হয়েছে।
কার্টুনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন বহু ভারতীয়। তাদের অভিযোগ, এটি ভারতের বিরুদ্ধে পুরোনো ঔপনিবেশিক মানসিকতা ও বর্ণবাদী ধারণার বহিঃপ্রকাশ। বিশেষ করে ভারতকে ‘সাপ আর সাপুড়ের দেশ’ হিসেবে দেখানোর যে পশ্চিমা স্টেরিওটাইপ বহুদিন ধরে সমালোচিত, এই কার্টুন সেটিকেই আবার সামনে নিয়ে এসেছে বলে দাবি করেন অনেকে।
বিতর্ক আরও বাড়ে মোদির নরওয়ে সফরকে ঘিরে। সফরের সময় এক সংবাদ সম্মেলনে নরওয়ের এক সাংবাদিক মোদিকে প্রশ্ন করলেও তিনি সরাসরি জবাব দেননি বলে আলোচনা শুরু হয়। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা ব্রিফিং করে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়।
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, পশ্চিমা কিছু সংবাদমাধ্যম এখনও ভারতকে উপস্থাপনের ক্ষেত্রে পুরোনো প্রতীক ও ধ্যানধারণা ব্যবহার করে থাকে। এর আগেও ২০২২ সালে স্পেনের লা ভানগুয়ার্দিয়া ভারতের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে প্রতিবেদনে ‘সাপুড়ে’ প্রতীক ব্যবহার করায় সমালোচনার মুখে পড়েছিল।
উল্লেখযোগ্য বিষয় হলো, সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে নরওয়ে বর্তমানে শীর্ষ অবস্থানে থাকলেও ভারত-এর অবস্থান সাম্প্রতিক সূচকে আরও নিচে নেমেছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।



