
বাংলা টিভি ডেস্ক: বরিশালের আগৈলঝাড়া এলাকায় কথিত ক্রসফায়ারে দুই রাজনৈতিক কর্মী নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ-সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলাটির বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-র নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ জুন দিন নির্ধারণ করা হয়েছে।
মামলায় গ্রেপ্তার রয়েছেন উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম এবং জসিম উদ্দিন। অন্যদিকে সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশালের সাবেক পুলিশ সুপার এহসান উল্লাহ বর্তমানে পলাতক রয়েছেন।
নিহত দুজন হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর আগৈলঝাড়া উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।
আদালতে হাজির করা হলে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। তবে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন।
প্রসিকিউশনের দাবি, নিহত দুজন ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিপক্ষ। তাদের সরিয়ে দিতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর আগৈলঝাড়া বাইপাস সড়ক এলাকায় ‘ক্রসফায়ারের’ নাটক সাজিয়ে তাদের হত্যা করা হয়।



