ইউনিটপ্রতি বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব

বাংলা টিভি ডেস্ক: পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) বিদ্যুতের সঞ্চালন চার্জ প্রতি ইউনিটে ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৪৯ পয়সা করার প্রস্তাব দিয়েছে, যা প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি। এই প্রস্তাবটি বুধবার রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে উপস্থাপন করা হয়।
একই শুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি প্রায় দেড় টাকা বা প্রায় ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয়।
পিডিবির পক্ষ থেকে জানানো হয়, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে ঘাটতি প্রায় ৬২ হাজার কোটি টাকা হতে পারে, যা আগামী অর্থবছরে বেড়ে ৬৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। তাদের দাবি, দাম সমন্বয় না করলে পুরো বিদ্যুৎ খাত বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়বে।
তবে এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন বিভিন্ন অংশীজন। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, খাতের অনিয়ম ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকের ওপর চাপানো উচিত নয়। তাদের মতে, এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে এবং উৎপাদন খাতেও নেতিবাচক প্রভাব পড়বে।
এদিকে আগামী দিনে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে আলাদা গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর উদ্যোগে।



