
বাংলা টিভি ডেস্ক: রাজধানীর লালবাগের শহীদনগরে দুর্বৃত্তদের গুলিতে আহত যুবক রাফি হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এ তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল ২৬ বছর।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধ এলাকায় গুলিবিদ্ধ হন রাফি। তার ডান পাশের পাঁজরে গুলি লাগে এবং শুরু থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে আইসিইউতে নেওয়া হয়। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত তিনি মারা যান।
বন্ধু মো. সজিব জানান, ঘটনার দিন এলাকার কয়েকজন যুবক তাকে একা পেয়ে শাহিন নামে একজনের খোঁজ জানতে চান। তিনি কিছু জানেন না বললে তাকে মারধর করা হয়। পরে তিনি রাফিকে বাসা থেকে ডেকে নিয়ে আসেন। এরপর তারা ঘটনাস্থলে গেলে ইমন নামে এক ব্যক্তি পিস্তল বের করে গুলি চালান বলে অভিযোগ করেন তিনি। এ সময় ইমনের সঙ্গে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও কয়েকজন ছিলেন বলেও জানান সজিব।
নিহতের বাবা মো. তাইজুদ্দিন। পরিবার জানায়, রাফি টি-শার্ট প্রিন্টের কাজ করতেন এবং অনলাইনে বিক্রি করতেন। তিনি বিবাহিত ছিলেন। তার মাত্র এক মাস বয়সী কন্যাসন্তান রয়েছে, যার নাম মেহেরজা।
এ ঘটনায় গভীর শোক নেমে এসেছে পরিবার ও এলাকায়। নিহতের মা মোমেনা বেগম ছেলের হত্যার বিচার দাবি করেছেন।
এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন বসাক বলেন, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের করা মামলায় সাহাবুদ্দিন ও রেজাউল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।



