বাংলাদেশ

পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশি পাসপোর্টে  আবারও ‘ইসরাইল ব্যতীত (Except Israel)’ শব্দবন্ধ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ছয় বছর আগে এ শব্দবন্ধটি বাদ দেওয়া হলেও এখন তা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র অনুযায়ী, দেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পরিবর্তন আনা হচ্ছে। নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে সব নতুন পাসপোর্টে এটি যুক্ত করা হবে, তবে পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না—মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণ দেওয়া হবে।

এর আগে ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধটি সরিয়ে দেওয়া হয়। পরে বিভিন্ন মহলে আবারও এটি ফিরিয়ে আনার দাবি ওঠে।

নতুন পরিকল্পনার অংশ হিসেবে পাসপোর্টের জলছাপে (watermark) থাকা বিভিন্ন প্রতীক ও ছবিতেও পরিবর্তন আনার কথা বলা হয়েছে। কিছু ঐতিহাসিক স্থাপনা ও প্রকল্প বাদ দিয়ে নতুন কিছু জাতীয় ও সাংস্কৃতিক প্রতীক যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এছাড়া নতুন জলছাপে দেশের বিভিন্ন ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থান—যেমন টাঙ্গুয়ার হাওর, পানাম নগর, আহসান মঞ্জিল, মাধবকুণ্ড জলপ্রপাতসহ নানা স্থান যুক্ত করার পরিকল্পনার কথাও বলা হয়েছে।

সরকারি পর্যায়ে এসব পরিবর্তনকে রাষ্ট্রীয় পরিচয় ও প্রতীক পুনর্বিন্যাসের একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button