বাংলাদেশ

নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন বিশ্ব মিডিয়ায়

বাংলা টিভি ডেস্ক: অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সোনালি ঢেউ খেলানো চুলের কারণে মহিষটির চেহারার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর চুলের স্টাইলের মিল খুঁজে পেয়েই এর এমন নামকরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্ম-এ থাকা প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল অ্যালবিনো মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার অনেকে কাছ থেকে দেখার জন্য খামারে ভিড় জমাচ্ছেন।

মহিষটির মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, তার ছোট ভাই মজার ছলেই মহিষটির নাম রেখেছিলেন “ডোনাল্ড ট্রাম্প”। তিনি বলেন, মহিষটির সবচেয়ে প্রিয় বিষয় হলো দিনে চারবার গোসল করা।

খামারির দাবি, অতিরিক্ত মানুষের ভিড় ও কৌতূহলের কারণে মহিষটির ওপর চাপ পড়ছে এবং ওজনও কিছুটা কমে গেছে। তাই এখন দর্শনার্থীদের প্রবেশ কিছুটা সীমিত করা হয়েছে।

চার বছর বয়সী এই মহিষটি শেষ পর্যন্ত ৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। বিক্রির সময় আবেগাপ্লুত হয়ে মালিক বলেন, এতদিন নিজের হাতে লালন-পালন করায় মহিষটির সঙ্গে এক ধরনের মায়া তৈরি হয়েছিল।

প্রাণিসম্পদ কর্মকর্তাদের মতে, অ্যালবিনো প্রাণী প্রকৃতিতে অত্যন্ত বিরল। শরীরে মেলানিনের ঘাটতির কারণেই এদের গায়ের রঙ ও লোম সাদা বা সোনালি বর্ণের হয়ে থাকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button