বাংলাদেশ

বগুড়ায় ১৬ ঘণ্টায় তিন হত্যা, নিহত গৃহবধূ, স্কুলছাত্র ও শিশু

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পৃথক তিনটি ঘটনায় মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে গৃহবধূ, স্কুলছাত্র ও ছয় মাস বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রথম ঘটনাটি ঘটে গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায়। দুর্বৃত্তদের হামলায় গলা কেটে হত্যা করা হয় রিতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে। নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, রাতের খাবার শেষে তারা আলাদা কক্ষে ঘুমাতে যান। পরে গভীর রাতে স্ত্রীর কক্ষ থেকে শব্দ পেয়ে সেখানে গিয়ে তিনি রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ সময় বাড়ির সদর দরজা খোলা ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।

অন্যদিকে সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হন স্কুলছাত্র মোস্তাকিম আহমেদ (১৮)। তিনি নকিলা পিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিদ্যালয়ের সামনে একদল যুবক তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, খেলাকে কেন্দ্র করে আগের বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে একই দিনে বালিয়াদিঘী ইউনিয়নর কলাকোপা সুবোধ বাজার এলাকায় ছয় মাস বয়সী শিশু আব্দুল্লাহকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা রায়হান আলীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত অবস্থায় বাড়িতে এসে শিশুটির গলা চেপে ধরেন। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনাতেই তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button