
বাংলা টিভি ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে কুরবানির পশু হিসেবে বিক্রির উদ্দেশ্যে ডেন্টাল কেয়ারে নিয়ে ছাগলের দাঁত তোলার ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌরসভার মহিলা কলেজ গেট-সংলগ্ন আলভি ডেন্টালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনা সম্পর্কে জানার পর পৌরসভার জামে মসজিদ রোড এলাকা থেকে লিটন নামের এক ব্যক্তি ও তার একজন সহযোগীকে আটক করা হয়। পরে স্থানীয়দের চাপের মুখে ছাগলের দাঁত তোলার কথা স্বীকার করেন তারা।
এ বিষয়ে অভিযুক্তরা জানান, ছাগলের দাঁতটি নড়বড়ে ছিল বলে সেটি তুলে ফেলা হয়েছে। পরে ছাগলটি বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। কিন্তু ছাগলের দাঁত তোলার জন্য মানুষের ডেন্টাল কেয়ারে কেন নেয়া হয়েছিল? জানতে চাইলে অভিযুক্তরা বলেন, এখানে দাঁত তোলা হয় জানার পর এসেছি।
এদিকে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, কুরবানির মতো ধর্মীয় গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে এ ধরনের প্রতারণা করা মোটেও ঠিক নয়, এটি নিন্দনীয়। অপরিপক্ক ছাগলের দাঁত তুলে সেটির বয়স গোপন করে কুরবানিযোগ্য হিসেবে উপস্থাপন করা প্রতারণা।একই সঙ্গে প্রাণীর প্রতিও নিষ্ঠুর আচরণ। আবার মানুষের সঙ্গেও প্রতারণা করা হচ্ছে। কেননা, ছাগলের দাঁত তোলার পর একই সরঞ্জাম দিয়ে মানুষের চিকিৎসা করা হবে।
এ ব্যাপারে আলভি ডেন্টাল কেয়ারের মালিক দন্ত চিকিৎসক আনোয়ার হোসেন মানিক বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। আমার প্রতিষ্ঠানের এক কর্মচারী না বুঝেই ছাগলের দাঁত তুলেছে।
রাকিব নামের এক ব্যক্তি দাঁত তোলার কথা স্বীকার করে বলেন, পরিচিত একজন নিয়ে এসেছে, এ কারণে দাঁত তুলেছি। এই জন্য কোনো টাকা নেয়া হয়নি।
ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, প্রাণিকল্যাণ আইন অনুযায়ী বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ১০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।



