গ্রাম বাংলাদেশবাংলা

মুন্সিগঞ্জে পশুর হাটে রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অন্তত ১২ জন

মাওয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ঐতিহ্যবাহী বালুচর বাজার পশুর হাট দখল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে বালুচর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, হাট পরিচালনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়।

আহতদের মধ্যে বাউল গ্রুপের শহীদ বাউল (৩৫), আরিফ হোসেন (৩৫), ওছমান গনি (২৫) ও ফারুক মুন্সি (৩০)। অন্যদিকে সরকার গ্রুপের শাকিল সরকার (২৭), সিপন সরকার (৩২), সামিম সরকার (৩০), হৃদয় সরকার (২৮), শরিফ সরকার (২৮), আসফাক সরকার (৩৮), আসলাম সরকার (৪০) ও রাজু সরকার (৩০) আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৩ ও ২৬ মে বালুচর বাজারে পশুর হাট বসার কথা রয়েছে। এ হাটের ইজারা পেয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান। হাট পরিচালনার দায়িত্বে ছিলেন মো. মোক্তার হোসেন ও মো. শহীদ বাউল। সরকার গ্রুপ ইজারাদার এবং পরিচালনা পরিশোধকে মানতে রাজি না হওয়ায় এ হামলার ঘটনা ঘটে।

বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলান হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি সমাধানে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

হাটের ইজারাদার মোহাম্মদ জাহিদুর রহমান দাবি করেন, পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হয়েছে, যাতে হাটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ঘটনার পর পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button