আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা, ১৩ ইহুদি আটক

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় রীতি অনুযায়ী পশু জবাইয়ের চেষ্টা চালিয়েছে একদল ইহুদি উগ্রপন্থি। তবে ঘটনার আগেই তাদের আটকে দেয় ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার ইহুদিদের ধর্মীয় উৎসব ‘শাভুত’ উপলক্ষে তারা এই চেষ্টা চালায়। ইহুদিরা আল-আকসা প্রাঙ্গণকে ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করে এবং বিশ্বাস করে, প্রায় দুই হাজার বছর আগে সেখানে তাদের পবিত্র মন্দির ছিল, যা পরে রোমানরা ধ্বংস করে দেয়।

এরপর থেকে বর্তমান আল-আকসা এলাকায় কোনো পশু জবাই হয়নি। তবে বিভিন্ন সময় ইসরায়েলি উগ্রবাদী গোষ্ঠীগুলো সেখানে ধর্মীয় আচার পালনের চেষ্টা চালিয়ে আসছে। অতীতের মতো এবারও তারা সফল হয়নি।

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত আল-আকসা মসজিদে ইহুদিদের আনুষ্ঠানিক প্রার্থনা নিষিদ্ধ। তবে সাম্প্রতিক সময়ে ইতামার বেন-গভির এই নিয়ম ভাঙার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। কড়া নিরাপত্তার মধ্যে তিনি একাধিকবার আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনা করেছেন বলে জানা গেছে।

বেন-গভিরের এসব কর্মকাণ্ডে মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে চাপের মুখে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নেতানিয়াহু প্রকাশ্যে জানান, আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা এখনো নিষিদ্ধ রয়েছে। তবে বাস্তবে সেখানে প্রায়ই ইহুদিদের প্রবেশ ও প্রার্থনার চেষ্টা দেখা যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button