
বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা মনির হোসেন হিরো (২২) নামের এক অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অপর অভিযুক্ত সোহেল (২২) এখনো পলাতক রয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে বক্তাবলী ইউনিয়ন-এর ৯ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় দুই যুবক তাকে কৌশলে ডেকে নিয়ে যায় এবং নির্যাতনের অভিযোগ ওঠে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা অভিযুক্ত মনির হোসেন হিরোকে ধরে গণপিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে।
ফতুল্লা মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



