বাংলাদেশপ্রধানমন্ত্রী

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী এক বছরকে (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত) ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশাল-এ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের পাশাপাশি দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করাও প্রয়োজন। এ ক্ষেত্রে কবি নজরুলের জীবন ও কর্ম জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নজরুলের জীবনদর্শন ও সাহিত্যকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দেওয়া প্রয়োজন। একই সঙ্গে কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করা যায় কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিচ্ছেদ্য সত্তা। তিনি আমাদের জাতীয় চেতনা ও জাতীয়তাবাদের প্রতীক।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কবিপৌত্রী খিলখিল কাজী, তারিক মনজুরসহ বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে নজরুল গবেষণা ও কবির জীবনদর্শন নিয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুই গুণীজনের হাতে ‘নজরুল পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তিনি নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button