মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে যে প্রস্তাব দিলেন শায়খ আহমাদুল্লাহ

বাংলা টিভি ডেস্ক: আবাসিক মাদ্রাসাগুলোতে যৌন নিপীড়নের মতো গুরুতর ও ঘৃণ্য অপরাধ বন্ধে কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ।
শনিবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বর্তমানে তিনি হজ সফরে থাকায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি। তবে দেশে ফিরে এ বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা উপস্থাপন ও কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
পরে মন্তব্যে তিনি উল্লেখ করেন, রাজধানীর মিরপুর এলাকায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনাসহ সাম্প্রতিক আলোচিত ঘটনার প্রেক্ষিতে তিনি এ বিষয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন।
তিনি বলেন, ধর্ষণ বা অনাচারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মাদ্রাসার শিক্ষক হোক বা অন্য কেউ—সব ক্ষেত্রেই দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করা উচিত।
এছাড়া আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সম্ভাব্য অনিয়ম রোধে কিছু বাস্তবভিত্তিক প্রস্তাবও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে—শ্রেণিকক্ষ ও আবাসন আলাদা রাখা, সিসিটিভি নজরদারি বাড়ানো, শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা, এবং মহিলা মাদ্রাসায় পুরুষ কর্মী নিয়োগ সীমিত করা।
তিনি আরও বলেন, ছোট-বড় সব ধরনের মাদ্রাসায় অভিযোগ তদন্তে একটি নিরপেক্ষ কমিশন গঠন করা যেতে পারে, যা সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ভুয়া অভিযোগের ক্ষেত্রেও সত্য উদঘাটন করবে।
তার মতে, এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা গেলে অপরাধ কমার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।



